ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ জেলা পরিষদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত আনুমানিক ৯টার দিকে হঠাৎ করে মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ধোঁয়া ও অতিরিক্ত তাপের কারণে আরও অনেক দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীরা দোকানের ভেতরে থাকা বেশিরভাগ মালামাল বের করতে পারেননি। এতে ব্যবসায়ীদের কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে।
স্থানীয়রা জানায়, মার্কেটে যথাযথ অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছে সহযোগিতা কামনা করেছেন।