
ইরানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ বন্দর শহর বুশেহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায়, বন্দরের বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং আকাশজুড়ে ছড়িয়ে পড়েছে ঘন কালো ধোঁয়া।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শনিবার যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের বিমান হামলার ফলেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। যদিও এ বিষয়ে এখনো আন্তর্জাতিকভাবে আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাটি বন্দরের দুটি গুরুত্বপূর্ণ পিয়ারে আঘাত হানে। এর মধ্যে একটি পিয়ার মূলত মাছ ধরার নৌযানের জন্য ব্যবহৃত হতো এবং অন্যটি যাত্রীবাহী জাহাজ চলাচলের জন্য ব্যবহৃত হত। এতে বোঝা যাচ্ছে, হামলার লক্ষ্য ছিল বন্দরভিত্তিক পরিবহন ও লজিস্টিক অবকাঠামো।
বুশেহর অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এখানে অবস্থিত ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি অবকাঠামো। ফলে এই অঞ্চলে যেকোনো হামলার ঘটনা আন্তর্জাতিক নিরাপত্তা ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, এই ঘটনা তারই একটি অংশ হতে পারে। একই সময়ে ইরানের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থানে হামলার খবর পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
বর্তমানে পুরো বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতি যদি আরও জটিল হয়ে ওঠে, তবে তা বৃহত্তর সংঘাতের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।