
পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের দেজফুল শহরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলা চালানো হয়েছে। শনিবার সংঘটিত এই হামলায় বিমানঘাঁটির একটি বড় অস্ত্রভাণ্ডারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
হামলার পর মুহূর্তেই বিশাল আগুন ও ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা গেছে—বিস্ফোরণের শক্তি এতটাই বেশি ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে এবং দূর থেকেও ধোঁয়ার স্তম্ভ স্পষ্টভাবে দেখা যায়।
এই হামলার পেছনে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আগের ঘোষণার প্রভাব রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা জানিয়েছিল, খুব শিগগিরই ইরানের ওপর আরও বড় ধরনের হামলা চালানো হবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র দাবি করেছে—গত ৩ সপ্তাহে তারা প্রায় ৮,০০০ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে প্রায় ১৩০টি ইরানি জাহাজও রয়েছে। এই সংঘাত শুরু হয় ফেব্রুয়ারি ২৮ তারিখ থেকে এবং ধীরে ধীরে তা বড় আকার ধারণ করছে।
এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও চুপ থাকেনি। তারা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিয়ন্ত্রিত দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে।