নিজস্ব প্রতিবেদক | UD 24 News
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেফতারের পর নিজের প্রকৃত পরিচয় গোপন করার চেষ্টা করেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম ‘মিরাজ’ এবং বাড়ি ‘ঢাকায়’ বলে দাবি করেন। তবে পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে তার বাড়ি চট্টগ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের সময় ঘটনাস্থলেই তার পরিচয় নিশ্চিত করতে পুলিশ সদস্যরা একাধিক প্রশ্ন করেন। প্রথমে নিজের নাম ‘মিরাজ’ বললেও পরে প্রকৃত পরিচয় প্রকাশ করেন। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় পরিচালিত যৌথ অভিযানে ডেভিড ইমনকে তার তিন সহযোগীসহ আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কোতোয়ালি মডেল থানা এবং অন্যান্য ইউনিটের মোট ৯টি টিম অংশ নেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ভারত থেকে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই তিনি আবার সীমান্ত পেরিয়ে ভারতে পালানোর চেষ্টা করতে পারেন—এমন তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। এরপর যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হলে ইমন ও তার সহযোগীদের আটক করা হয়।
আটকের পর বুধবার সকালে তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক প্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।