নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
দেশের ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল করা, আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুততর করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ শক্তিশালী করার লক্ষ্যে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন সাংবাদিকদের জানান, ব্যবসায়ী প্রতিনিধিরা চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ২৪ ঘণ্টা চালুর প্রস্তাব দেন। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে দেশের প্রতিটি বন্দরে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
তিনি বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে পণ্য পরিবহন ও খালাসের সময় কমবে, আমদানি-রপ্তানির গতি বাড়বে এবং ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ হবে। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে অর্থনৈতিক অঞ্চল, বেজা ও বেপজায় নতুন বিনিয়োগ আকর্ষণ, শিল্পখাতের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করা এবং বেসরকারি খাতের উন্নয়নে নীতিগত সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সরকারের লক্ষ্য একটি ব্যবসাবান্ধব ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা উল্লেখ করে ড. মাহদী আমিন বলেন, কর্মসংস্থান বৃদ্ধি, তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং অর্থনীতিকে আরও গতিশীল করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ব্যবসা সহজ করা, বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।