শর্ত নয়, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী
বাংলাদেশ কোনো শর্তের ভিত্তিতে নয়, বরং সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌমত্বের প্রতি সম্মানের ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী।
রিজভী বলেন, বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম দেশ। সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ। তবে কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। পারস্পরিক সম্মান এবং একে অপরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখেই সম্পর্ক এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ সব দেশকে বন্ধুত্বের জন্য স্বাগত জানাবে। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো শর্ত থাকে, তাহলে সেই শর্তের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সম্ভব নয়।
রিজভী আরও বলেন, প্রতিটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করার নীতিতেই বাংলাদেশ বিশ্বাস করে। পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেওয়াই বাংলাদেশের প্রত্যাশা।
UD 24 News