নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ের পর বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এ বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত ছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হন। ভোটে তিনি ২৫৫টি ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পান ৮৮ ভোট।
সংসদে দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দেন।
ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হয়। পরে বিকেল ৫টা ২০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।
প্রায় ৩৫ বছর পর দেশের রাষ্ট্রপতি নির্বাচনে এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হওয়ায় নির্বাচনটি বিশেষ গুরুত্ব পেয়েছে। নির্বাচনের ফল ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।