
দারিদ্র্য কমানো থেকে কর্মসংস্থান, অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরলেন প্রধানমন্ত্রী
দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দারিদ্র্য হ্রাসে প্রাণিসম্পদ খাতকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতের বিকাশ দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। একই সঙ্গে এ খাত মানুষের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
আধুনিকায়নে গুরুত্ব দিচ্ছে সরকার
প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রাণিজ আমিষের উৎপাদন বাড়ানো কেবল মানুষের খাদ্যচাহিদা পূরণের জন্য নয়; এর সঙ্গে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ও স্বনির্ভরতার বিষয়টিও জড়িত।
তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা
এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় পদক
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং অগ্রগতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে এবারের আয়োজনে আটটি ক্যাটাগরিতে মোট ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতেই এসব পদক তুলে দেওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। এ উপলক্ষে দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচি
গ্রহণ করা হয়েছে।
—
মন্তব্য করুন