
মুম্বাইয়ে ১০৭ বছরের রেকর্ড ভেঙে বৃষ্টি! আগাম বর্ষা, রেড অ্যালার্টে তুঙ্গে আতঙ্ক
ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাই যেন হঠাৎই প্রকৃতির রুদ্ররূপের মুখোমুখি! ২৬ মে, সোমবার সকাল থেকেই শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে শহরটি প্রায় থমকে গেছে। মাত্র একদিনেই রেকর্ড করা হয়েছে ২০০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত — যা গত ১০৭ বছরের মধ্যে সর্বোচ্চ।
এই রেকর্ড বৃষ্টিপাত ভেঙে দিয়েছে ১৯১৮ সালের মে মাসের পুরনো রেকর্ডকে, যখন ২৭৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। এবার কলাবা অবজারভেটরিতে রেকর্ড করা হয়েছে ২৯৫ মিলিমিটার বৃষ্টি!
বৃষ্টির তীব্রতায় শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ব্যাপক জলাবদ্ধতা। শুধু রাস্তাঘাট নয়, মেট্রো স্টেশন পর্যন্ত ডুবে গেছে পানিতে। মুম্বাইয়ের অর্লি পাতাল রেলস্টেশন পুরোপুরি প্লাবিত – প্ল্যাটফর্ম থেকে শুরু করে যাত্রীদের অপেক্ষমাণ এলাকা পর্যন্ত পানির নিচে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (IMD) জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এ বছর রেকর্ড সময়ের আগেই – ১৬ দিন আগে – ২৬ মে মুম্বাইয়ে প্রবেশ করেছে। গত ৭৫ বছরের ইতিহাসে এত আগেভাগে বর্ষা কখনো আসেনি। সাধারণত ১১ জুনের আশপাশে বর্ষা ঢোকে মুম্বাইয়ে, কিন্তু এবার প্রাক-গ্রীষ্মকালীন মৌসুমই যেন বর্ষায় রূপ নিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর তাই শুধু মুম্বাই নয়, পাশের থানে, রায়গড় ও রত্নগিরিতেও জারি করেছে ‘রেড অ্যালার্ট’। এ ছাড়াও কর্ণাটক, কেরালা এবং তামিলনাড়ুর কিছু এলাকাতেও সতর্কতা জারি হয়েছে।
এই হঠাৎ বৃষ্টি শুধু জনজীবনে বিপর্যয়ই ডেকে আনেনি, বরং পরিবহন, অফিসগামী মানুষ, স্কুল-কলেজ, দোকানপাট — সবকিছুতে ছন্দপতন ঘটিয়েছে। অনেকে ঘরবন্দি, আবার কেউ কেউ জলের মধ্যে হাঁটতে বাধ্য হচ্ছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে, মুম্বাই যেন একদিনেই জলনগরীতে পরিণত হয়েছে।
এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা, সাবধানতা এবং সরকারি নির্দেশ মেনে চলা। বিশেষ করে নিচু এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।