বিমানবন্দর থানায় হস্তান্তর আখতারুজ্জামান, চলবে জিজ্ঞাসাবাদ
জামায়াত নেতা ও সাবেক মেজর (অব.) আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি এবং নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
শুক্রবার (২ অক্টোবর) রাত ৭টা ১৫ মিনিটের দিকে তাকে বিমানবন্দর থানায় নিয়ে যায় ডিবি। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।
পুলিশ জানিয়েছে, বিমানবন্দর থানায় দায়ের করা কাজে বাধা দেওয়ার মামলায় আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার তদন্ত এবং পরবর্তী আইনগত কার্যক্রমও এখন বিমানবন্দর থানা পুলিশের মাধ্যমে পরিচালিত হবে।
এর আগে একই দিন বিকেলে ক্যান্টনমেন্ট এলাকায় নিজের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তাকে ঘিরে মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।