
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সামির আবু ইউনুস। তিনি হামাসের রাফাহ ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শনিবার খান ইউনিস এলাকায় চালানো হামলায় তিনি নিহত হন বলে নিশ্চিত করেছে হামাস।
রোববার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানায়, ইসরায়েলি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু ছিলেন তাদের সামরিক শাখার একজন গুরুত্বপূর্ণ সদস্য।
শনিবারের ওই হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি তাঁবুতে আঘাত লাগে। এতে আরও দুজন আহত হন। পরে আহতদের খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন চিকিৎসাকর্মীরা।
আল-জাজিরার যাচাই করা ভিডিও ফুটেজে হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স এবং রক্তের দাগযুক্ত স্ট্রেচার দেখা গেছে।
ভূমধ্যসাগরের উপকূলবর্তী আল-মাওয়াসি এলাকায় বর্তমানে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত ফিলিস্তিনি তাঁবুতে বসবাস করছেন। ইসরায়েল একসময় এলাকাটিকে মানবিক নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করলেও সেখানে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬৮ জন।
২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ সময় ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৮৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৪ হাজার ৬৯৫ জনে। আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৯৩ জন। এসব তথ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
গাজায় চলমান সংঘাতের পাশাপাশি তীব্র শীত ও ভারী বৃষ্টিপাত নতুন করে মানবিক সংকট তৈরি করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অতিরিক্ত ঠান্ডাজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। সম্প্রতি হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে নয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চলতি শীত মৌসুমে এটি এ ধরনের প্রথম শিশুমৃত্যুর ঘটনা।
গাজার অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত। অনেকেই অস্থায়ী তাঁবু কিংবা ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিয়ে দিন কাটাচ্ছেন। সাম্প্রতিক ভারী বৃষ্টিতে এসব আশ্রয়স্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজাজুড়ে ইসরায়েলি হামলার ঘটনা অব্যাহত রয়েছে। এতে একদিকে প্রাণহানি বাড়ছে, অন্যদিকে বিদ্যুৎ, চিকিৎসাসেবা ও নিরাপদ আশ্রয়ের সংকটে আরও কঠিন হয়ে উঠছে ফিলিস্তিনিদের জীবন।
UD 24 News 🗞️ সত্যের সাথে দেশের পাশে