৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা, বাংলাবান্ধা থেকে টেকনাফ
ন্যায়বিচার নিশ্চিত, রাষ্ট্রীয় জবাবদিহি প্রতিষ্ঠা এবং জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নের দাবিতে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। ‘মার্চ ফর ইনসাফ’ নামের এই কর্মসূচি ৭ অক্টোবর দেশের সর্বউত্তরের বাংলাবান্ধা থেকে শুরু হয়ে টেকনাফের জিরো পয়েন্টে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত মতবিনিময় সভায় কর্মসূচির পরিকল্পনা তুলে ধরা হয়। সভায় রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, লেখক-অ্যাক্টিভিস্ট, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা জানান, ৩৬ দিনের কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা, পথসভা ও সমাবেশ হবে। মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনসমর্থন তৈরির লক্ষ্যেই কর্মসূচিটি নেওয়া হয়েছে।
কর্মসূচির শুরুতে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে অগ্রসর হবে ইনকিলাব মঞ্চ। ২১ অক্টোবর রাজধানীর শাহবাগে শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে একটি সমাবেশ আয়োজনের কথা রয়েছে। এরপর মার্চটি দেশের পূর্বাঞ্চলের দিকে এগিয়ে টেকনাফের জিরো পয়েন্টে গিয়ে শেষ হবে।
‘মার্চ ফর ইনসাফ’-এর ঘোষিত তিন দাবির মধ্যে রয়েছে শহীদ ওসমান হাদি হত্যার বিচার, গণভোটের গণরায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা।
সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। তাদের মতে, এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার এখন একটি গুরুত্বপূর্ণ জাতীয় দাবিতে পরিণত হয়েছে।
মতবিনিময় সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সল এবং বাংলাদেশ গ্রিন পার্টির মুখপাত্র ইউসুফ আম্মার বক্তব্য দেন।
এ ছাড়া কবি বোরহান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান, সাধারণ আলেম সমাজের সাধারণ সম্পাদক কবির হোসেন, জুলাইয়ে চোখ হারানো যোদ্ধা আব্দুল্লাহ আল শাফিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এবং জেডিপির আহ্বায়ক নাঈম আহমদসহ অন্যরাও বক্তব্য দেন।
সভায় উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতারা কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন। একই সঙ্গে ন্যায়বিচারের দাবিতে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’-এ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান।