শেখ হাসিনাকে ভারতে ঢুকতে দেওয়া ছাড়া উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী
শেখ হাসিনাকে ২০২৪ সালের আগস্টে ভারতে প্রবেশের অনুমতি দেওয়ার ক্ষেত্রে ভারতের সামনে কার্যত অন্য কোনো বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
শনিবার (৩ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর একটি অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ বিষয়ে কথা বলেন।
দীনেশ ত্রিবেদীর ভাষ্য, ওই সময় পরিস্থিতি ছিল আকস্মিক ও অত্যন্ত সংকটপূর্ণ। শেখ হাসিনা তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার বহনকারী উড়োজাহাজকে ভারতে অবতরণের অনুমতি না দিলে কী পরিস্থিতি তৈরি হতো, সেটিও বলা কঠিন বলে মন্তব্য করেন তিনি।
ভারতের পক্ষ থেকে ওই সময় প্রতিবেশী ও পুরোনো বন্ধু হিসেবে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল, সেটিই নেওয়া হয়েছে বলেও জানান ভারতীয় হাইকমিশনার।
শেখ হাসিনার ভারতে পৌঁছানোর বিষয়টি নিয়েও তিনি স্পষ্ট করেন, তাকে ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। বাংলাদেশের একটি সামরিক উড়োজাহাজে করেই তিনি ভারতে পৌঁছান।
এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, বিষয়টি একটি সুগঠিত আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং এতে আদালতের সম্পৃক্ততা আছে। ফলে প্রক্রিয়াটি শেষ হওয়ার আগে ফেরত পাঠানোর সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়।