
ট্রাম্পের সমর্থনে ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহু
ইসরায়েলের আইনসভা নির্বাচনের ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন পেলেন বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ট্রাম্প ইসরায়েলের এই নেতাকে 'শক্তিশালী, সাহসী ও মেধাবী' বলে অভিহিত করেছেন।
ইসরায়েলে আগামী ২৭ অক্টোবর আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের মাত্র নয় দিন আগে ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেতানিয়াহুর প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন। পোস্টে তিনি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য মিত্র হিসেবে উল্লেখ করেন এবং লেখেন, "বিবি নেতানিয়াহু কখনো আপনাদের হতাশ করবেন না।"
এর আগে টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুর কর্মদক্ষতা নিয়ে বারবার প্রশ্ন করা হলেও ট্রাম্প এ বিষয়ে সরাসরি মত দিতে চাননি। তখন তিনি বিষয়টি এড়িয়ে নিজের জনপ্রিয়তা ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির দিকে আলোচনা ঘুরিয়ে দেন। এ নিয়ে জল্পনা চলছিল যে তিনি আদৌ সমর্থন দেবেন কি না।
২০২৫ সালের জানুয়ারির পর দুই নেতা অন্তত ছয়বার সাক্ষাৎ করেছেন। তবে ইরান যুদ্ধ ও অন্যান্য সংঘাত নিয়ে তাদের মধ্যে মতবিরোধের খবরও প্রকাশ পেয়েছে। গত জুনে লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে উদ্দেশ্য করে কঠোর ভাষা ব্যবহার করেন বলে তিনি নিজেই স্বীকার করেন।
গত ২৮ ফেব্রুয়ারি দুই নেতা যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। তবে এই সংঘাত ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ তৈরি করেছে। পিউ রিসার্চ সেন্টারের এই মাসের জরিপ অনুযায়ী, প্রায় দুই-তৃতীয়াংশ মার্কিন ভোটার যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে এবং সামরিক মজুত কমার আশঙ্কা তৈরি হয়েছে।