• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় ট্রাম্পের দাবি: হরমুজ প্রণালী “সম্পূর্ণভাবে খোলা”—বিশ্ববাজারে বড় প্রভাব ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, স্থায়ী চুক্তিতেই জোর ৭৭ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজের আগমন যুক্তরাষ্ট্র–ইরান নতুন আলোচনার ইঙ্গিত, দুই দিনের মধ্যেই অগ্রগতি? পুতিনের নতুন প্রস্তাব, ইরানকে শান্তি আলোচনায় আহ্বান একের পর এক অস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার: কী ইঙ্গিত দিচ্ছে পিয়ংইয়ং? ইরানের কূটনৈতিক তৎপরতা: পাকিস্তানে যাচ্ছে প্রতিনিধি দল, যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা সামনে ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দিনের যুদ্ধবিরতি: কিভাবে হলো এই সমঝোতা? বিস্তারিত রিপোর্ট নরসিংদীতে মাদরাসা ছাত্র নির্যাতন: শিক্ষক আটক, ঘটনায় চাঞ্চল্য

আহতদের চিকিৎসার ব্যবস্থা করছি: প্রধান উপদেষ্টা

Reporter Name
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

Spread the love

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এরা আমাদের সবারই সন্তান। হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল।

আমরা অবশ্যই এই ঘটনার তদন্ত করব। আর যারা আহত—আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করছি। সবাই তাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে। ”

সোমবার (২১ জুলাই) দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে অধ্যাপক ইউনূস দেশবাসীর উদ্দেশে বলেন, “হাসপাতালে সকলে ছুটে আসছে। আমরা সবার কাছে অনুরোধ করছি হাসপাতালে ভিড় করবেন না। কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো না। তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড় করলে, আমাদের শরীর থেকে কী রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে, এটা বলা মুশকিল। কাজেই দূরে থেকে দোয়া করেন সবাই। ”

বিমান বিধ্বস্তের এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আমার বলার কোনো ভাষা নেই। কীভাবে শুরু করব? সেটাও বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এরকম একটা কাণ্ড ঘটতে পারে। আমরা কেউ কল্পনা করিনি। কারো ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য ঘটনা আমাদের হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে। ”

বহু শিশুর মৃত্যুতে সারা জাতি বাকরুদ্ধ মন্তব্য করে আবেগঘন ওই ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, “প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে কচি শিশুদের ওপরে পড়ল। আগুনে পুড়ে শিশুরা মারা গেল। মা-বাপদের আমরা কী জবাব দেব? কী বলব তাদেরকে? আমরা নিজেদেরকে তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ বারবার চোখে ভেসে উঠছে। সারা জাতি বাকরুদ্ধ ও শোকাহত বললে খুব কম বলা হবে। এই দুর্ঘটনার রেশ এখনো কাটেনি। এখনো লাশ আসছে হাসপাতালে। এখনো হাসপাতালে মারা যাচ্ছে। মা-বাপ এখনো খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায়? তাকে আর কোনদিন চেনা যাবে কি না? যাদের লাশ দেখছি, তার মধ্যে আমার সন্তান আছে কি না। পৃথক করার তো কোনো উপায় নেই। ”

শিশুদের স্মরণ করে অধ্যাপক ইউনূস আরও বলেন, “আমরা অবশ্যই এই ঘটনার তদন্ত করব। তদন্ত হবে, কিন্তু এই নিষ্পাপ শিশুগুলো আর ফিরে আসবে না। ”

হতাহত শিশুদের পরিবারের সঙ্গে পুরো দেশবাসী আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “শিশুদের বাবা-মা, আত্মীয়-স্বজন সবার কাছে আমাদের সহানুভূতি জানাচ্ছি। বাংলাদেশের যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান। আপনারা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। জাতির সমস্ত লোক আপনাদের সঙ্গে আছে। ”

আগামীকাল জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, “আমরা নিহত শিশুদের জন্য শোক দিবস ঘোষণা করেছি। আগামীকাল শোক দিবসে আমরা সবাই মিলে তাদের কথা স্মরণ করব। তাদের আত্মার শান্তি কামনা করব। আজ থেকে সবাই তাদের রুহের মাগফেরাত কামনা করব। আল্লাহ আপনাদের শান্তি দিন। নিহত শিশুদের জন্য দেশবাসী আমরা সবাই দোয়া করছি। আল্লাহ এই শিশুদের জান্নাতবাসী করুক। ”

Visited ১০ times, ১ visit(s) today


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd