
বিএনপিকে হুমকি দিয়ে কোনো লাভ হবে না: জ্বালানিমন্ত্রী
জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতেই বিএনপি সরকার পরিচালনা করছে এবং নির্ধারিত মেয়াদ পর্যন্ত সরকার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ভয় দেখানো বা হুমকি দিয়ে সরকারকে চাপে ফেলার কোনো সুযোগ নেই।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে সাম্প্রতিক সমস্যার প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী জনগণের ধৈর্যের প্রশংসা করেন। তিনি বলেন, সংকটের সময়ে সরকার জনগণের কাছে গেছে এবং সাধারণ মানুষ পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য দেখিয়েছে। তার দাবি, আল্লাহর রহমতে বিদ্যুৎ ও গ্যাসের সেই সমস্যাগুলো সমাধান করা হয়েছে।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে টুকু বলেন, দীর্ঘ ১৭ বছরে সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের একটি বড় অংশ আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, নেতাকর্মীদের বাড়িঘরেও নানা ধরনের অত্যাচার চালানো হয়েছে।
তিনি আরও বলেন, একপর্যায়ে সেই অন্যায় ও নির্যাতনের পরিস্থিতি চরমে পৌঁছালে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের ঘটনা ঘটে।
মন্তব্য করুন