
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামফলক ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বুধবার দুপুরে হলটির প্রধান ফটকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা ফলক সরিয়ে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক বসানো হয়েছে।
তবে হল সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, নাম পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত প্রশাসনিক সিদ্ধান্ত হয়নি। ফলে নতুন নামফলক স্থাপনের বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে।
হল সংসদের সহসভাপতি (ভিপি) মুসলিমুর রহমান বলেন, নামফলক বদলের বিষয়ে হল সংসদকে আগে জানানো হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে প্রধান ফটকে শহীদ ওসমান হাদির নাম ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছিল।
তিনি জানান, এ দাবির সমর্থনে প্রায় ৭০০ থেকে ৮০০ শিক্ষার্থীর স্বাক্ষরসহ একটি স্মারকলিপি তৎকালীন উপাচার্যের কাছে দেওয়া হয়। পরে হলটির নাম পরিবর্তনের প্রস্তাব সিনেটে ওঠে। তবে সেখানে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি না করে আরও বিবেচনার জন্য সিন্ডিকেটে পাঠানো হয়।
মুসলিমুর রহমানের দাবি, এখনো নাম পরিবর্তন নিয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ওসমান হাদি হত্যার পর শিক্ষার্থীদের একাংশ হলটির নাম পরিবর্তনের দাবি তোলে। সেই দাবির পরিপ্রেক্ষিতে হলের প্রধান ফটকে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম ব্যবহারের ব্যবস্থা করা হয়েছিল।
এদিকে বুধবার সেই নামফলক সরিয়ে পুরোনো নামের ফলক পুনরায় স্থাপন করা হলেও এ বিষয়ে হলের প্রভোস্ট অধ্যাপক আখম আখতারুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি।
মন্তব্য করুন