
এরদোয়ানের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা বাড়ানোর আলোচনা
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।
মঙ্গলবার নিউইয়র্কের ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও বিস্তৃত করার পাশাপাশি ভবিষ্যতে নতুন সহযোগিতার সুযোগ তৈরির বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক জানান, বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা মতবিনিময় করেন। বিশেষ করে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে চলমান সহযোগিতা আরও বাড়ানোর সম্ভাবনা আলোচনায় আসে।
এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও দুই দেশের অবস্থান ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা। এসব বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকের শেষ পর্যায়ে দুই নেতা বাংলাদেশ-তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি অভিন্ন অগ্রাধিকার ও পারস্পরিক স্বার্থকে ভিত্তি করে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য করুন