
ইস্তাম্বুলে ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান
তুরস্কের ইস্তাম্বুলে একটি সাততলা ভবনের নিচের কয়েকটি অংশ ধসে পড়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ভোরের আগে এশীয় অংশের মালতেপে এলাকায় ভবনটির নিচতলাসহ তিনটি তলা হঠাৎ ধসে পড়ে। নিচতলায় একটি দোকানও ছিল।
ধসের পর আরও কয়েকজন ভেতরে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে জরুরি সেবা বিভাগের কর্মীরা অভিযান চালাচ্ছেন। তবে ভবনের আরও অংশ ধসে পড়ার আশঙ্কায় উদ্ধারকাজ সতর্কতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে।
ভবনটি কেন ধসে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইস্তাম্বুলের ইউরোপীয় ও এশীয় দুই অংশকে বসফরাস প্রণালি আলাদা করেছে। মালতেপে শহরটির এশীয় অংশে অবস্থিত।
মন্তব্য করুন