
জালুদে ফিলিস্তিনি পরিবারের বাড়িতে আগুন, ফেরার পথ আটকাল বসতি স্থাপনকারীরা
অধিকৃত পশ্চিম তীরের জালুদ গ্রামে একটি ফিলিস্তিনি পরিবারের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে। মঙ্গলবার ভোরের এ ঘটনায় আল-তুবাসি পরিবারের দুটি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
প্রায় দুই মাস আগে বাড়ি ছাড়তে বাধ্য হওয়ার পর ইসরায়েলি আদালতের সিদ্ধান্তের ভিত্তিতে পরিবারটি নিজেদের বাড়িতে ফেরার চেষ্টা করেছিল। তবে তাদের প্রত্যাবর্তনের সময় শতাধিক বসতি স্থাপনকারী জালুদে জড়ো হয়ে সড়ক বন্ধ করে দেয় এবং বিভিন্ন স্থাপনা ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বসতি স্থাপনকারীদের হামলায় দুটি বাড়িতে আগুন লাগে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পরিবারের সদস্যদের আবারও বাড়ি ছাড়তে বাধ্য করা হয় বলে স্থানীয় সূত্রের দাবি।
ইসরায়েলি সামরিক বাহিনীও জালুদে শতাধিক বসতি স্থাপনকারীর দাঙ্গার কথা স্বীকার করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা সড়ক অবরোধ, টায়ারে আগুন এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। সহিংসতার কারণে ফিলিস্তিনি পরিবারটিকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার অভিযান শেষ করা সম্ভব হয়নি বলে সামরিক বাহিনী জানিয়েছে।
ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কয়েকজন নিরাপত্তাকর্মী আহত হওয়ার কথাও বিভিন্ন প্রতিবেদনে এসেছে। ঘটনাটি পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনি পরিবারগুলোর বাড়িঘর থেকে উচ্ছেদের বিষয়ে নতুন করে উদ্বেগ তৈ করেছে।
মন্তব্য করুন