
UD 24 News 🗞️
আফগানিস্তানের তিন প্রদেশে পাকিস্তানের চালানো বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। হামলার পর পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার কথা জানিয়েছে কাবুল।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে পাকিস্তানি বিমান হামলা হয়েছে। এসব হামলায় চারজন নিহত হওয়ার কথা তিনি উল্লেখ করেন।
অন্যদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, আফগানিস্তানের ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। পাকিস্তানের দাবি, এসব স্থানের কিছু ছিল ড্রোন সংরক্ষণ ও উৎক্ষেপণের জন্য ব্যবহৃত অবকাঠামো। দেশটির ভাষ্য অনুযায়ী, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানের দিকে ড্রোন হামলার পরিপ্রেক্ষিতেই এই অভিযান চালানো হয়।
পাকিস্তানের মন্ত্রী দাবি করেন, হামলার লক্ষ্য ছিল নির্দিষ্ট সামরিক স্থাপনা এবং অভিযানটি পরিকল্পিত ও সীমিত পরিসরে পরিচালনা করা হয়েছে। বুধবার আফগান দিক থেকে ড্রোন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের ঘটনাকে তিনি দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।
তবে তালেবান সরকারের কর্মকর্তারা পাকিস্তানের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য, আফগান সরকার পাকিস্তানের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে—এমন দাবি তারা গ্রহণ করছে না।
দুই দেশের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যেই নতুন করে এই বিমান হামলার ঘটনা ঘটল। পাকিস্তান দীর্ঘদিন ধরে আফগানিস্তানে অবস্থানকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযোগ করে আসছে। অন্যদিকে আফগান সরকার পাকিস্তানের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা ও অভিযোগের কারণে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। নতুন এই হামলার পর আফগানিস্তানের পক্ষ থেকে দেওয়া পাল্টা জবাবের হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
সত্যের সাথে দেশের পাশে
মন্তব্য করুন