
দুই পাকিস্তানি নাগরিক নিহতের ঘটনায় ভারতীয় কূটনীতিককে তলব পাকিস্তানের

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে দুই পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার ঘটনায় ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তান। শনিবার ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এ ঘটনায় আনুষ্ঠানিক ও কঠোর প্রতিবাদ জানানো হয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ অক্টোবর বেডিয়ান সেক্টরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই পাকিস্তানি নাগরিক নিহত হন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পাকিস্তানের দাবি, নিহতরা নিরস্ত্র বেসামরিক নাগরিক ছিলেন।

ইসলামাবাদ বলেছে, নিহত ব্যক্তিদের ‘অনুপ্রবেশকারী’ হিসেবে চিহ্নিত করার যেকোনো প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করছে। পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, বেসামরিক মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহারের ঘটনাটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে।
ঘটনার বিষয়ে ভারতীয় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ভারতীয় গণমাধ্যমে নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, সীমান্তে একটি অনুপ্রবেশের চেষ্টা ঠেকানোর সময় ওই ঘটনা ঘটে।
পাকিস্তান ঘটনাটির দ্রুত, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং তদন্তের ফলাফল ও গৃহীত পদক্ষেপ আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানানোর আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
UD 24 News 🗞️
মন্তব্য করুন