
উত্তর ইরাকের বাশিকা ঘাঁটি ধাপে ধাপে ইরাককে দেবে তুরস্ক
তুরস্ক ও ইরাকের মধ্যে গুরুত্বপূর্ণ নিরাপত্তা সমঝোতা হয়েছে। উত্তর ইরাকে তুরস্কের নিয়ন্ত্রণে থাকা বাশিকা-জিলকান সামরিক ঘাঁটি ধাপে ধাপে ইরাকের ফেডারেল সরকারের কাছে হস্তান্তরের বিষয়ে একমত হয়েছে দুই দেশ।
২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। দুই দেশের যৌথ বিবৃতিতে নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার কথাও বলা হয়েছে।
সমঝোতা অনুযায়ী, ইরাকের নিরাপত্তা ব্যবস্থায় অগ্রগতির ভিত্তিতে নির্ধারিত প্রক্রিয়া ও সময়সূচি অনুসরণ করে তুর্কি বাহিনী বাশিকা-জিলকান ঘাঁটির নিয়ন্ত্রণ ইরাকের ফেডারেল সরকারের কাছে তুলে দেবে। তবে হস্তান্তর শুরুর বা শেষ হওয়ার নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
বৈঠকে উত্তর ইরাকের সিনজার অঞ্চলে ইরাকি রাষ্ট্রের পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং নিষিদ্ধ বিদেশি সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি বন্ধ করার বিষয়েও দুই দেশ একমত হয়েছে।
নিরাপত্তার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। তুরস্ক ও ইরাক দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, আগে স্বাক্ষরিত চুক্তিগুলো দ্রুত বাস্তবায়ন এবং যৌথ কৌশলগত প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এর মধ্যে ডেভেলপমেন্ট রোড প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মসুলের কাছে বাশিকা এলাকায় তুরস্ক ২০১৫ সালে সামরিক ঘাঁটি স্থাপন করে। ওই সময় স্থানীয় বাহিনীকে আইএসবিরোধী লড়াইয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে তুর্কি সেনা মোতায়েন করা হয়েছিল। পরে ইরাকের কেন্দ্রীয় সরকার সেখানে তুর্কি সামরিক উপস্থিতি নিয়ে আপত্তি জানায়।
নতুন সমঝোতার মাধ্যমে বাশিকা ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের তুরস্ক-ইরাক বিরোধের একটি গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের পথে এগিয়েছে বলে দুই দেশের ঘোষণায় প্রতীয়মান হয়েছে।
মন্তব্য করুন