
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সোমবার (৮ জুন ২০২৬) দুপুর ১২টার দিকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে “দিগন্ত পরিবহন” নামের একটি বাস জেলা শহরের মেড্ডা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বৈশামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপের মুখে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ ঘটনায় ঘটনাস্থলেই দুই পুরুষ, একজন নারী ও একজন শিশু নিহত হন। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সরাইলের শাহবাজুরের আরস আলী মুন্সি (৭০) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০)।
দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের জানান, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালানো হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।
মন্তব্য করুন