
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন
আন্তর্জাতিক বাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে স্বর্ণের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির কারণে মূল্যবান এই ধাতুর ওপর চাপ তৈরি হয়েছে।
সোমবারের লেনদেনে স্পট গোল্ডের দাম আগের দিনের তুলনায় প্রায় ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫২১ ডলারের কাছাকাছি নেমে আসে। এর আগে স্বর্ণের দাম টানা ঊর্ধ্বগতির পর দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল।
এদিকে, যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার বাজারেও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। আগস্ট মাসের ডেলিভারির জন্য নির্ধারিত স্বর্ণ ফিউচারের মূল্য ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫১ ডলারের আশপাশে অবস্থান করছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারী বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে উঠেছে। ফলে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের প্রতি আগ্রহ কিছুটা কমেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির বিষয়েও বিনিয়োগকারীরা সতর্ক দৃষ্টি রাখছেন। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য সিদ্ধান্ত ও আঞ্চলিক পরিস্থিতির উন্নয়ন আগামী দিনে স্বর্ণবাজারের গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন