
রাশিয়া সফরের পর এবার চীন সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কূটনৈতিক একটি প্রতিনিধি দল নিয়ে বুধবার (৬ মে) তিনি চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান।
সফরের অংশ হিসেবে ইতোমধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে বসেছেন আরাগচি। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমান আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরান ও চীনের এই বৈঠক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি ও বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়ে এ আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
এর আগে গত সপ্তাহে ইরানের শীর্ষ এই কূটনীতিক পাকিস্তান, ওমান ও রাশিয়া সফর করেন, যা দেশটির কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই নতুন এক ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালিকে কেন্দ্র করে চলমান সামরিক কার্যক্রম ‘প্রজেক্ট ফ্রিডম’ আপাতত স্থগিত রাখা হয়েছে।
বাংলাদেশ সময় বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, কয়েকটি দেশের অনুরোধ এবং ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আগের মতোই কার্যকর থাকবে।