
মূল প্রতিবেদন
নড়াইল: নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগের পর হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিবেশী রবিউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় বাড়ির পাশের একটি দোকান থেকে খাবার কিনে দেওয়ার পর শিশুটি নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে সন্দেহের ভিত্তিতে প্রতিবেশী রবিউল ইসলামের ঘরে তল্লাশি চালিয়ে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্বজনরা। পরে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ আকবর জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত নৃশংস ও মর্মান্তিক। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পরই মৃত্যুর কারণ ও অন্যান্য বিষয় সম্পর্কে বিস্তারিত নিশ্চিত হওয়া যাবে।
মন্তব্য করুন