
আরব সাগরে নৌ সংঘর্ষ ঘিরে ভারত-পাকিস্তান উত্তেজনা, কূটনীতিক তলব
ও -এর নৌবাহিনীর দুটি জাহাজের সংঘর্ষকে কেন্দ্র করে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। আন্তর্জাতিক জলসীমায় এ ঘটনার পর নয়াদিল্লিতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিককে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে পাকিস্তানি নৌবাহিনীর একটি জাহাজের সংঘর্ষ হয়। ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে ভারতীয় পক্ষ জানিয়েছে।
ঘটনার পর বুধবার পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় কর্তৃপক্ষ পাকিস্তানি নৌ ইউনিটের আচরণকে ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার’ হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানায়।
নয়াদিল্লির অভিযোগ, সমুদ্রে জাহাজ পরিচালনার ক্ষেত্রে পাকিস্তানি নৌবাহিনীর আচরণ দুই দেশের মধ্যে ১৯৯১ সালে স্বাক্ষরিত একটি দ্বিপক্ষীয় চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। ভারতের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক জলসীমায় দুই দেশের নৌযান ও সাবমেরিনের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার বিষয়টি ওই চুক্তিতে উল্লেখ রয়েছে।
ভারত জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি ও সামরিক যোগাযোগের বিধান যথাযথভাবে মেনে চলার বিষয়টি পাকিস্তানকে জানানো হয়েছে। একই সঙ্গে ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একই বিষয়ে প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় পাকিস্তান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন