
অপ্রতিম হত্যা মামলায় দুই কিশোর যাবে শিশু উন্নয়ন কেন্দ্রে
UD 24 News 🗞️
কুমিল্লায় স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার চারজনকে আদালতের নির্দেশে হেফাজতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বয়সে কিশোর হওয়ায় মোজাম্মেল হোসেন ফাহাদ ও কামরুল হাসানকে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। অপর দুই আসামি তুহিন ও সিয়ামকে রাখা হবে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে।
রোববার রাতে মামলার তদন্ত কর্মকর্তা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আদালতের আদেশ অনুযায়ী চারজনকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। দুই কিশোরকে পরবর্তী সময়ে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।
কারাগার সূত্র জানিয়েছে, হত্যা মামলায় গ্রেপ্তার চারজনকে রাতে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। তাদের মধ্যে বয়সের কারণে ফাহাদ ও কামরুলকে শিশু উন্নয়ন কেন্দ্রে স্থানান্তরের প্রক্রিয়া নেওয়া হয়েছে।
মামলার তদন্তে পুলিশ জানিয়েছে, অপ্রতিমকে হত্যার ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুলের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে সিয়ামকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তিন আসামি রোববার রাতে আদালতে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বিষয়টি আদালত পুলিশের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে। সপ্তম শ্রেণির এই শিক্ষার্থী শুক্রবার নিখোঁজ হওয়ার পর শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রোববার সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, অপ্রতিমের কাছে থাকা আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে নির্জন এলাকায় নেওয়া হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে বাধা দেওয়ার পর অপ্রতিমের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এবং পরে তাকে আঘাত করা হয়।
ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন