
গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩
UD 24 News 🗞️
গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ বছরের এক শিশু ও এক নারী রয়েছেন। পৃথক কয়েকটি ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবুতে গুলিবর্ষণের ঘটনায় প্রাণ হারায় শিশু ইসমাইল আল-বারদাওয়িল। তার বুকে গুলি লাগে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটির বয়স ছিল ১১ বছর।
এদিকে উত্তর গাজার জাবালিয়া এলাকায় ড্রোন থেকে গুলির ঘটনায় মোহসেন আহমেদ বাহজাত নামে এক ব্যক্তি নিহত হন। গুলিটি তার মাথায় লাগে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
মধ্য গাজার বুরেইজ এলাকায় আরেক ঘটনায় প্রাণ হারান ৩১ বছর বয়সী ফিদা তোতাহ। স্থানীয় হাসপাতালের তথ্য অনুযায়ী, সন্তানদের স্কুলে পৌঁছে দিয়ে ফেরার সময় গুলিতে তিনি নিহত হন। তার মাথায় গুলি লাগে বলে জানানো হয়েছে।
এর বাইরে মধ্য গাজার খান ইউনিস শহরেও ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।
গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলা ও গুলিবর্ষণের ঘটনা থামেনি। বাস্তুচ্যুত মানুষের বসবাস করা এলাকাগুলোতেও হামলার আশঙ্কা অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
মন্তব্য করুন