
পশ্চিম তীরে বিদ্দুতে ব্যাপক অভিযান, আটক ৫৩ ফিলিস্তিনি
অধিকৃত পশ্চিম তীরের বিদ্দু শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের পর অন্তত ৫৩ জন তরুণ ফিলিস্তিনি আটক রয়েছেন। অভিযানের কারণে শহরটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে; বন্ধ রয়েছে দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন কার্যালয়।
সোমবার ভোরে বিদ্দুতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, অভিযানের সময় বেশ কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয় এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য একটি বাড়িকে অস্থায়ী কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বিদ্দু পৌরসভার মেয়র নাজমি মনসুর জানান, শহরের বিভিন্ন এলাকায় সেনা মোতায়েন রয়েছে। বাড়ি বাড়ি তল্লাশির পাশাপাশি বেশ কয়েকজনকে ঘটনাস্থলেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিরাপত্তাজনিত পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের অনেকে ঘরের বাইরে বের হচ্ছেন না।
মেয়রের অভিযোগ, অভিযানের সময় কয়েকজন বাসিন্দার ওপর শারীরিক নির্যাতন ও হামলার ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে বলে তিনি জানান।
এর আগে রোববার বিদ্দুর এক ফিলিস্তিনি বাসিন্দাকে ইসরায়েলি এক বসতিস্থাপনকারীকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হালামিশের কাছে যানবাহন লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ওই ব্যক্তি জড়িত ছিলেন। পরে রামাল্লার একটি হাসপাতালে অভিযান চালিয়ে তাকে আহত অবস্থায় আটক করা হয়।
সোমবারের অভিযানটি ওই এলাকায় সাম্প্রতিক সময়ের তৃতীয় দফা অভিযান বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। এর মধ্যে বিদ্দুতে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও বাড়ি তল্লাশি অব্যাহত রয়েছে।
অভিযানের কারণে শহরটির শিক্ষা ও ব্যবসায়িক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
মন্তব্য করুন