
আফগানিস্তানের তিনটি প্রদেশে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু, একজন নারী ও একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন বলে জানিয়েছে তালেবান প্রশাসন। এছাড়া আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
বুধবার (১০ জুন) তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানের বিমান হামলা আফগানিস্তানের খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশে পরিচালিত হয়। তার অভিযোগ, হামলায় বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং এতে বহু শিশু হতাহত হয়েছে।
তালেবান প্রশাসন এই হামলাকে আফগানিস্তানের আকাশসীমা ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি বা কোনো মন্তব্য দেয়নি।
চলতি বছরজুড়ে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান দাবি করে আসছে, আফগান ভূখণ্ডে অবস্থানরত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) তাদের দেশে হামলা চালাচ্ছে। অন্যদিকে তালেবান প্রশাসন এসব অভিযোগ অস্বীকার করে আসছে। সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে একাধিক সীমান্ত সংঘর্ষে শতাধিক মানুষ হতাহত হয়েছে।
বিশ্লেষকদের মতে, সর্বশেষ এই বিমান হামলা দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্ককে আরও সংকটময় করে তুলতে পারে। বেসামরিক হতাহতের ঘটনায় আন্তর্জাতিক মহলেও উদ্বেগ তৈরি হয়েছে।
মন্তব্য করুন