
শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার বিষয়ে নতুন করে নিজেদের অবস্থান জানিয়েছে নয়াদিল্লি।
মঙ্গলবার (১১ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধটি ভারতের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে।
শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল জানান, এ বিষয়ে ভারতের অবস্থানে কোনো অস্পষ্টতা নেই। দেশটির প্রচলিত আইনি ও বিচারিক প্রক্রিয়ার আওতাতেই অনুরোধটি বিবেচনা করা হচ্ছে।
এর আগে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিল। সম্প্রতি বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার পক্ষ থেকেও ভারতের কাছে প্রত্যাশার কথা জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে। এক সাংবাদিক জানতে চান, দুই দেশের সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরির যে বিষয়টি বাংলাদেশ তুলে ধরেছে, সেটি নিয়ে ভারতের মূল্যায়ন কী।
জবাবে জয়সওয়াল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া দুটি আমন্ত্রণের কথা উল্লেখ করেন। তিনি জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে। এসব আমন্ত্রণ নিয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।
এর আগে সোমবার (১০ আগস্ট) ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে দুই দেশের সম্পর্কের পাশাপাশি শেখ হাসিনার প্রত্যর্পণ এবং বাংলাদেশে আলোচিত ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্তদের ফেরত পাঠানোর বিষয়ও আলোচনায় আসে।
তবে ভারতের সর্বশেষ বক্তব্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি। আপাতত বিষয়টি নির্ধারিত আইনি ও অভ্যন্তরীণ প্রক্রিয়ায় পর্যালোচনার পর্যায়েই রয়েছে।
UD 24 News
সত্য ও নির্ভরযোগ্য তথ্যের সঙ্গে থাকুন।
মন্তব্য করুন