
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬ | UD 24 News 🗞️
দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই স্বচ্ছতা ও জবাবদিহির বার্তা দিলেন নতুন তথ্যমন্ত্রী
দায়িত্ব গ্রহণের প্রথম কর্মদিবসেই সরকারি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং সবার সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক পরিচিতি সভায় তিনি মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের উদ্দেশে এ আহ্বান জানান।
প্রথম কর্মদিবসে সকাল সাড়ে ৯টার দিকে নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ তাকে শুভেচ্ছা জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বক্তব্য দেন।
সভায় নতুন তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে সংগ্রাম চলেছে, সেখানে স্বাধীন গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, অতীতে গণমাধ্যমের ওপর যে ধরনের নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতা ছিল, সেখান থেকে বেরিয়ে এসে সাংবাদিকতার জন্য একটি স্বাধীন ও উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করাই সরকারের অন্যতম লক্ষ্য।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে আন্দালিভ রহমান পার্থ বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে সংবাদকর্মীদের অবদানকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। জনগণের তথ্য জানার অধিকার রয়েছে এবং সরকার কী কাজ করছে, তা সঠিক ও স্বচ্ছভাবে জনগণের সামনে তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব।
মন্ত্রণালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধানদের উদ্দেশে তিনি বলেন, প্রশাসনিক কাজে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
নতুন তথ্যমন্ত্রী আরও বলেন, সরকারের কোনো সিদ্ধান্ত বা কার্যক্রমের কারণে যেন কোনো ব্যক্তি অন্যায় বা অবিচারের শিকার না হন, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।
পরিচিতিমূলক সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
UD 24 News 🗞️
মন্তব্য করুন