
বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জার্মানি। কুরাসাওয়ের বিপক্ষে ৭-১ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দলের তালিকায় শীর্ষস্থান দখল করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচটির আগে বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা ছিল ২৩২। কুরাসাওয়ের জালে সাতবার বল পাঠানোর ফলে তাদের মোট গোল দাঁড়িয়েছে ১১৩ ম্যাচে ২৩৯টি। এর মাধ্যমে দীর্ঘদিন শীর্ষে থাকা ব্রাজিলকে পেছনে ফেলেছে জার্মানরা।
অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ ইতিহাসে মোট গোল ১১৫ ম্যাচে ২৩৮টি। ফলে মাত্র এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে জার্মানি। দুই দলই এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে, তাই টুর্নামেন্ট শেষে শীর্ষস্থান কার দখলে থাকবে সেটাই এখন ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
বিশ্বকাপের মঞ্চে আক্রমণাত্মক ফুটবলের জন্য বরাবরই পরিচিত জার্মানি। ১৯৩৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে দলটি ধারাবাহিকভাবে গোল করে এসেছে। জার্মানির এই অসাধারণ রেকর্ড গঠনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কিংবদন্তি ফুটবলার মিরোস্লাভ ক্লোসা, জার্ড মুলার এবং টমাস মুলারের।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় জার্মানি ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। ৮৮ ম্যাচে তাদের মোট গোলসংখ্যা ১৫২। তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ফ্রান্স (১৩৬ গোল), ইতালি (১২৮ গোল) এবং স্পেন (১০৮ গোল)।
গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে ২১ জুন আইভরি কোস্টের মুখোমুখি হবে জার্মানি। গত দুই বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছে ইউরোপের অন্যতম সফল এই দল। রেকর্ড গড়ার পর তাদের আত্মবিশ্বাসও বেড়েছে কয়েকগুণ।
মন্তব্য করুন