
রাজবাড়ীতে অস্ত্র-গুলিসহ দুইজন গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন—হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মনজুর মিয়া ওরফে মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শরীফ মোল্লা (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরঝিকড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সচল পাইপগান ও দুটি তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি ও মারামারির মামলা রয়েছে। শরীফের বিরুদ্ধেও দস্যুতা ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন