
১৯ সেপ্টেম্বর রংপুরমুখী দ্বিতীয় লংমার্চ, জানালেন শফিকুর রহমান
UD 24 News 🗞️
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কর্মসূচির কথা জানান।
শফিকুর রহমান বলেন, লংমার্চ কোনো একটি নির্দিষ্ট দাবিকে কেন্দ্র করে আয়োজন করা হয়নি। বৈষম্য দূর করা, মানুষের জীবনযাত্রার নিরাপত্তা, শিল্প খাতের সুরক্ষা এবং জ্বালানি ও বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন দাবি এর সঙ্গে রয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিও কর্মসূচির অন্যতম বিষয় বলে উল্লেখ করেন তিনি।
প্রথম লংমার্চে গাড়িবহর নিয়ে যাওয়ার বিষয়ে সমালোচনার জবাবে জামায়াতের আমির বলেন, তারা ইচ্ছা করলে আরও বড় বহর নিয়ে যেতে পারতেন। তবে পরিস্থিতি বিবেচনায় প্রতীকী বহর নিয়ে কর্মসূচি পালন করা হয়েছে।
ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রথম লংমার্চে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ও সমর্থন পাওয়ার দাবিও করেন তিনি। তার ভাষ্য, পথে পথে বিপুলসংখ্যক মানুষ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন, যাদের সবাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।
দ্বিতীয় লংমার্চ সম্পর্কে তিনি বলেন, প্রথম কর্মসূচির পর ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলে লংমার্চ অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে ১৯ সেপ্টেম্বর রংপুরের দিকে দ্বিতীয় লংমার্চ করা হবে।
প্রথম লংমার্চের কারণে জনদুর্ভোগের অভিযোগ প্রসঙ্গে শফিকুর রহমান দাবি করেন, কর্মসূচিটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়েছে এবং বড় ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হয়নি। তবে কোনোভাবে সাধারণ মানুষের সামান্য অসুবিধা হয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
তিনি আরও বলেন, এসব কর্মসূচি কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানো কিংবা কাউকে সরানোর উদ্দেশ্যে নয়। তাদের দাবি জনগণের প্রত্যাশার সঙ্গে সম্পর্কিত এবং জনস্বার্থেই এসব কর্মসূচি পালন করা হচ্ছে।
সরকারের সঙ্গে আলোচনার প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দীর্ঘদিন ধরে আলোচনা হয়েছে। জনগণের দাবিগুলো সরকার মেনে নিলে লংমার্চের প্রয়োজন হবে না। তবে দাবি বাস্তবায়নে কর্মসূচি চালিয়ে যেতে হলে কিছুটা কষ্ট ও ত্যাগ স্বীকার করতেই হবে।
সাংবাদিকদের দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বিরোধী দলের কার্যক্রমে গঠনমূলক সহযোগিতা ও সমালোচনা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রাজনৈতিক কর্মসূচিগুলো সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন